
সখীপুরে শিশু ছিনতাই
সখীপুরে ৭ মাসের শিশুপুত্রকে হারিয়ে অঝোরে কাঁদছেন এক অন্ধ নারী নূর জাহান।
আজ শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সখীপুর পৌরসভার পাবলিক টয়লেটের সামনে থেকে তাঁর কোলের শিশুপুত্র নূর মোহাম্মদকে কেউ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কালো বোরকা উপরে সাদা ওড়না পরিহিত ৪০–৪৫ বছর বয়সী একজন নারী কৌশলে শিশুটিকে নিয়ে যায়।
শিশুটির বাবা-মা উভয়ই অন্ধ। তাঁদের বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাদোয়াচালা গ্রামে। জীবিকার তাগিদে তাঁরা সখীপুর শহরে ভিক্ষা করে জীবন নির্বাহ করেন।
ঘটনার পর থেকেই অসহায় মা নূর জাহান সন্তানের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন।
এখনো পর্যন্ত শিশুটি কোথায় আছে, কে বা কারা নিয়ে গেছে—সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মোশারফ হোসেন চৌধুরী জানান, শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। রাতের মধ্যেই শিশুটিকে উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
কারও কাছে শিশুটি বা ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে অনুগ্রহ করে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্টদের জানান।